ইউক্রেনের অগ্রগতি প্রতিহতের দাবি রাশিয়ার

ডনেস্ক, খেরসন ও মাইকোলাইভ অঞ্চল অভিমুখে ইউক্রেনের অগ্রগতি প্রতিহতের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী ডনেস্ক, খেরসন ও মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অগ্রসর হওয়ার প্রচেষ্টা প্রতিহত করে দিতে সমর্থ হয়েছে।

এ ঘটনাকে ‘শত্রুর উল্লেখযোগ্য ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে মস্কো।

দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছে মস্কো।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার তরফে তিনটি অঞ্চল অভিমুখে ইউক্রেনের অগ্রগতি প্রতিহতের যে দাবি করা হয়েছে তাদের তরফে যুদ্ধক্ষেত্র থেকে তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।