দখলকৃত অঞ্চলের পরিস্থিতি খুব কঠিন, স্বীকারোক্তি পুতিনের

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর পরিস্থিতির যে কঠিন তা স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একতরফাভাবে ইউক্রেনের এই চারটি অঞ্চলে গণভোট আয়োজন করে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। এই স্বীকারোক্তির মাধ্যমে এই প্রথম তিনি প্রকাশ্যে স্পষ্ট ইঙ্গিত দিলেন যে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিকল্পনামতো এগোচ্ছে না। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা সেবা দিবসে দেওয়া ভাষণে এই স্বীকারোক্তি উঠে আসে পুতিনের কথায়। একই সঙ্গে তিনি অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।

ঘনিষ্ঠ মিত্র ও ইউক্রেনের প্রতিবেশী বেলারুশ সফরের পর পুতিন এই ভাষণ দেন। পুতিনের এই সফর ঘিরে পশ্চিমাদের মনে উৎকণ্ঠা ছিল যুদ্ধে হয়ত ইউক্রেনকে জড়িয়ে ফেলবেন তিনি। কিন্তু তার কার্যালয় ক্রেমলিন এমন উদ্বেগ উড়িয়ে দিয়েছে।

ইউক্রেনে আক্রমণ যে মৃসণভাবে এগোচ্ছে না–সেটির বিরল স্বীকারোক্তিতে পুতিন সতর্কতার সঙ্গে বলেছেন, ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলের পরিস্থিতি খুব কঠিন।

রুশ গোয়েন্দা সংস্থা এফএসবিকে তিনি নির্দেশ দিয়েছেন সেখানে বসবাসরত মানুষের ‘নিরাপত্তা’ নিশ্চিত করার জন্য।

 গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সর্বোচ্চ মনোযোগের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পুতিন বলেন, বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা থামানো, অবিলম্বে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করতে হবে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নাশকতা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।