তালিনে রুশ দূতাবাসে কূটনীতিকের সংখ্যা কমাতে রাশিয়াকে বলেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়াকে ফেব্রুয়ারির মধ্যে কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনতে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোতে এস্তোনিয়ার দূতাবাসের মতো রাশিয়াকেও তালিনে কূটনীতিক সংখ্যা কমিয়ে আটজন করতে হবে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আগ্রাসী যুদ্ধের সময় রুশ দূতাবাস এস্তোনিয়া-রুশ সম্পর্ক বৃদ্ধির কাজে লিপ্ত নয়। ফলে আমাদের দৃষ্টিকোণ থেকে রুশ দূতাবাসে এত কূটনীতিক প্রয়োজন নেই।
এস্তোনিয়ার সিদ্ধান্তকে রুশবিদ্বেষের সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার বলেছেন, রাশিয়ার প্রতি শত্রুতামূলক আচরণের একটি দেশ যে এস্তোনিয়া তা গোপন কিছু নয়। রুশবিদ্বেষ দেশটির সরকারি নীতির পর্যায় পৌছেঁ গেছে।
তিনি সতর্ক করে বলেছেন, তালিনের যেকোনও শত্রুতাপূর্ণ পদক্ষেপের জবাব দেবে মস্কো।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এস্তোনিয়া এখন পর্যন্ত তিনজন রুশ কূটনীতিককে বরখাস্ত করেছে।