নিজের শীর্ষ এক জেনারেলকে ইউক্রেনে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন চেচনিয়ার রুশ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তিনি বলেছেন, একটি খাম হাতানোর পর ওই জেনারেল আক্রান্ত হন বিষক্রিয়ায়।
কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, ‘আখমত বিশেষ বাহিনীর কমান্ডার আপটি আলাউদিনভ ৮ ফেব্রুয়ারি একটি চিঠি পেয়েছিলেন, যেটির খাম গন্ধযুক্ত পদার্থে পরিপূর্ণ ছিল।
‘বন্ধুরা, আমাদের প্রিয় ভাই... আপটি আলাউদিনভকে কয়েকদিন আগে বিষ প্রয়োগ করা হয়েছিল।’
পোস্টে কাদিরভ আরও লেখেন, ‘আলাউদিনভসহ অন্যান্য কর্মীরা যারা খামের সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাই গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসার পর তারা সুস্থ হন।’
এই হত্যার প্রচেষ্টার তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে কাদিরভ বলেন, ‘জড়িতদের শনাক্ত করা হচ্ছে। আলাউদিনভ এখন শঙ্কামুক্ত। সবকিছু ঠিক আছে। দুই সহকর্মীর সঙ্গে তিনি মস্কোর একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সূত্র: নিউজউইক