আন্তর্জাতিক আইন ব্যবস্থার পতনের প্রমাণ পুতিনের পরোয়ানা: মেদভেদেভ

ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ী হিসেবে অভিযুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে পুতিনের বিরুদ্ধে পরোয়ানাকে আন্তর্জাতিক আইন ব্যবস্থার পতনের লক্ষণ বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

সোমবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা বলেন রাশিয়ার বর্তমানে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেদভেদেভ।

এসময় তিনি দাবি করে, আইসিসির দুর্বলতার সবচেয়ে বড় উদাহরণ ছিল, আফগানিস্তান ও ইরাকে মার্কিন সেনাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের তদন্তের ব্যর্থতা।

শুক্রবার (১৭ মার্চ) এই পরোয়ানা জারি করা হয়। প্রতিবেশী দেশ ইউক্রেন এক বছরের বেশি সময় ধরে আক্রমণ চালানো রাশিয়া একাধিকবার যুদ্ধাপরাধ ও নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানার কোনও ধরনের তাৎপর্য নেই।

২০১৬ সালে আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় রাশিয়া। আদালতের একটি প্রতিবেদনে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ডে একীভূত করার ঘটনাকে ‘দখল’ হিসেবে উল্লেখ করার পর আইসিসি থেকে বেরিয়ে যায় মস্কো। সূত্র: আরটি