রুশ সেনারা ডনেস্ক অঞ্চলের লিম্যান, বাখমুত, আভিভকা এবং মারিঙ্কার দিকে আক্রমণ জোরদার করছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ মঙ্গলবার (১১ এপ্রিল) জানিয়েছে, ইউক্রেনের সেনারা একদিন আগে সোমবার এই এলাকাগুলোতে অন্তত ৫২টি রুশ হামলা প্রতিহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় জেনারেল স্টাফের দাবি অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে চারটি ডনেস্কের ক্রামতোর্স্ক শহরে আক্রমণে ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের সামরিক ও বেসামরিক অবস্থান লক্ষ্য করে রাশিয়া ৩৯টি বিমান হামলা ও অন্তত ৪৭টি এমএলআরএস হামলা চালিয়েছে।
ইউক্রেনীয় সেনাবাহিনী আরও দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি এমআই-২৪ হেলিকপ্টার ও নয়টি ড্রোন ভূপাতিত করেছে। সোমবার ইউক্রেনীয় বিমানবাহিনী রাশিয়ার সেনা ও সরঞ্জামের ওপর আটটি হামলা চালিয়েছে। রাশিয়ার একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আঘাত করা হয়েছে।
ইউক্রেনীয় জেনারেল স্টাফ সতর্ক বলেছে, ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রয়েছে।