রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর বিরুদ্ধে ইউক্রেনের এক সেনা সদস্যকে শিরশ্ছেদের অভিযোগ উঠেছে। এক ইউক্রেনীয় সেনার মাথা একটি শূলে চড়ানো অবস্থায় একটি ভিডিওতে দেখা যাওয়ার পর এই অভিযোগ উঠেছে। যেকোনও যুদ্ধে এমন নৃশংসতাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সর্বাত্মক আক্রমণ শুরুর পর আলোচনায় আসে বেসরকারি সামরিক কোম্পানিটি। ইউক্রেনের ক্রেমলিনের বাহিনীর হয়ে লড়াই করছে ওয়াগনার গোষ্ঠীর ভাড়াটে যোদ্ধারা। বাখমুতে রাশিয়ার নৃশংস অভিযানের নেতৃত্বে রয়েছে বাহিনীটি।
সোমবার মার্কিন থিংক ট্যাংক প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)-এর পর্যালোচনায় বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বাখমুতে ওয়াগনার গ্রুপ যুদ্ধাপরাধ করেছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার এক সোশাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করা এক ভিডিওতে বাখমুতের অজ্ঞাত একটি স্থানে ইউক্রেনীয় এক সেনার দেহ থেকে বিচ্ছিন্ন মাথা একটি শূলে চড়ানো বলে দেখা গেছে।
আইএসডব্লিউ আরও বলেছে, সোশাল মিডিয়া ব্যবহারকারীরা লুহানস্কের পপাসনাতেও এমন একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন। জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধে মরদেহের অঙ্গচ্ছেদ ও নষ্ট করা সমর্থন করে না।
এই অভিযোগের বিষয়ে ওয়াগনার গোষ্ঠী বা রাশিয়ার কোনও প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।