ইউক্রেনে নতুন টি-১৪ আরমাটা ট্যাংক মোতায়েন করেছে রাশিয়া: আরআইএ

চলমান যুদ্ধে কিয়েভের সেনাদের অবস্থানে গোলাবর্ষণের জন্য রাশিয়া নতুন একটি ট্যাংক ইউক্রেনে মোতায়েন করেছে। তবে এগুলো এখনও সরাসরি আক্রমণে ব্যবহার করা হয়নি। মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।

আরআইএ বলেছে, টি-১৪ আরমাটা ট্যাংকগুলোতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। রুশ সেনারা ইউক্রেনে এগুলো পরিচালনার প্রশিক্ষণ নিয়েছে।

টি-১৪ ট্যাংকে একটি মানবহীন বুরুজ রয়েছে। এটি দূর থেকে সেনারা নিয়ন্ত্রণ করতে পারে। এটি পরিচালনার ক্রুরা বিচ্ছিন্ন একটি সাঁজোয়া ক্যাপসুলে থাকে। মহাসড়কে এগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।

জানুয়ারিতে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা বলেছিল, নিজেদের দুর্বল পরিস্থিতির কারণে ইউক্রেনে প্রথম দফা এই ট্যাংক ব্যবহারে রাজি ছিল না রুশ সেনারা। ইউক্রেনে টি-১৪ মোতায়েন করা রাশিয়ার একটি উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত হতে পারে। উৎপাদন কম এবং কমান্ডাররা যুদ্ধে এটির ওপর ভরসা রাখতে পারছিলেন না।

২০১৫ সালে প্রথম এই ট্যাংক উন্মোচন করে ক্রেমলিন। ২০২০ সালের মধ্যে ২ হাজার ৩০০ টি ট্যাংক তৈরির অর্ডার দেয় কর্তৃপক্ষ। কিন্তু পরে এর মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

২০২১ সালের ডিসেম্বরে আরেকটি রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছিল, রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা রোজটেক ৪০টি ট্যাংকের উৎপাদন শুরু করেছে। ২০২৩ সালের পর এগুলো সরবরাহ করা হতে পারে।

সূত্র: রয়টার্স