হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনারা জিততে পারবে না। ১৫ মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধের ইতি ঘটতে পারে কেবল কূটনীতির মাধ্যমে। মঙ্গলবার দোহাতে কাতার ইকনোমিক ফোরামে তিনি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায় সময় পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেন ওরবান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার দিকে খেয়াল করুন, পরিসংখ্যান, পারিপার্শ্বিকতা, সেনা পাঠাতে ন্যাটোর প্রস্তুত না থাকা, ফলে রণক্ষেত্রে দুর্বল ইউক্রেনীয়দের জয়ের কোনও সুযোগ নেই। এটি হলো আমার অবস্থান।
কিয়েভের সঙ্গে ইউরোপীয় নেতাদের সংহতির নিরিখে তার এই মন্তব্যের প্রতি খুব নেতা একমত হবেন।
ভিক্টর ওরবান আরও বলেন, এই যুদ্ধ থামানো যেতে পারে কেবল রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায়। ইউরোপে আমরা বিষয়টি নিয়ে সন্তুষ্ট নই। কিন্তু এটিই যুদ্ধ অবসানের একমাত্র উপায়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো জোটের সদস্য হাঙ্গেরি। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ভারসাম্যমূলক অবস্থান নেওয়ার কৌশল নিয়েছে দেশটি।
মস্কোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে অস্বীকৃতি জানিয়েছে বুদাপেস্ট। একই সঙ্গে তারা ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করেছে। তুরস্কের মতো হাঙ্গেরিও পশ্চিমাদের সামরিক জোটে সুইডেনের যোগ দেওয়াতে সম্মতি জানায়নি। ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়েও নির্দিষ্ট উদ্বেগের কথা তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী।
গত সপ্তাহে ইউক্রেনে ইইউ’র আরও সামরিক সহযোগিতা পাঠানোর বিরোধিতা করেছেন ওরবান। হাঙ্গেরির একটি ব্যাংককে কিয়েভ নিষেধাজ্ঞার তালিকায় রাখার পর এই বিরোধিতা করেন তিনি।
দোহায় তিনি বলেছেন, ইউক্রেনের যদি আরও অর্থের প্রয়োজন হয় তাহলে হাঙ্গেরির প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, হাঙ্গেরীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি নয়। মূলধারার ইউরোপীয় প্রবণতার সঙ্গে নেই বুদাপেস্ট।
তিনি আরও বলেছেন, হাঙ্গেরির অনন্য অবস্থান রয়েছে, যা ইউক্রেন থেকে খুব দূরবর্তী নয়। ইউক্রেনে হাঙ্গেরীয় জাতিগত সংখ্যালঘুরা রয়েছেন এবং তারা যুদ্ধের অংশ। তাদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে, তারা ইউক্রেনের সেনা এবং তারা মারা যাচ্ছে। ফলে আমরা হাঙ্গেরীয় জীবন হারাচ্ছি। আমাদের হৃদয় ইউক্রেনীয়দের সঙ্গে রয়েছে। আমরা বুঝতে পারছি পরিস্থিতি। কিন্তু আমি এখানে একজন রাজনীতিক হিসেবে এবং সমস্যা সমাধানের কথা বলছি।