রুশবিরোধী পাল্টা আক্রমণে সমর্থন জানাতে কিয়েভে অঘোষিত সফরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিয়েভের আশেপাশের এলাকাগুলোতে রুশ ড্রোন হামলার পরদিন শনিবার (১০ জুন) সফরে এসেছেন তিনি।
ট্রুডোর সঙ্গে টুইটারে ছবি পোস্ট করে ইউক্রেনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি মেলনিক লিখেন, ‘ইউক্রেনে কানাডার প্রধানমন্ত্রীকে স্বাগতম’।
সফরে এসে প্রথমেই যুদ্ধে প্রাণ হারানো ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান ট্রুডো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করে রাশিয়া, যা এখনও চলমান। হামলা প্রতিরোধে শুরু থেকেই ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ন্যাটোর এই সদস্য দেশটি।
এমন সময় তিনি কিয়েভে এলেন যখন রুশ বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে কিয়েভ। কিন্তু রাশিয়া দাবি করছে, আক্রমণে ইউক্রেনীয় সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এ বিষয়ে শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনারা দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করলেও প্রতিরক্ষা লাইনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা।
সূত্র: রয়টার্স