ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন বড় আকারে পাল্টা আক্রমণ শুরু করেছে। তবে তাদের আক্রমণ ব্যর্থ হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ রাশিয়ার চেয়ে অন্তত দশগুণ বেশি। মঙ্গলবার রুশ সামরিক ব্লগারদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ভ্লাদিমির পুতিন বলেছেন, বিভিন্ন দিক থেকে ইউক্রেনীয় সেনারা আক্রমণ করছে। কিন্তু অনেক এলাকায় তারা সফল হতে পারেনি।

পুতিন বলেন, রাশিয়ার চেয়ে ইউক্রেনের ক্ষতি দশগুণ বেশি। বিদেশিদের কাছ থেকে পাওয়া সামরিক যানের ২৫-৩০ শতাংশ হারিয়েছে কিয়েভ।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের লক্ষ্য পাল্টাবে না। সময়ের সঙ্গে তা খাপ খাইয়ে নেবে।

পুতিন বলেছেন, মার্কিন হিমার্স ব্যবস্থা দিয়ে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে নোভা কাখোভকা বাঁধে আঘাত করেছে। তারা বাঁধটি ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি।

এর আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বাঁধটি ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করেছিল।

ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ ভূখণ্ড ড্রোন হামলা ও কামানের গোলাবর্ষণ হলেও মার্শাল ল জারির কোনও প্রয়োজনীয়তা নেই।

সূত্র: আল জাজিরা।