রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্তের ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৭ জুন) জানিয়েছে, এ ঘটনায় ৩১ জন নিখোঁজ।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে গত ৬ জুন ‘নোভা কাখোভকা’ বাঁধটি উড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে পরস্পরকে দুষছে কিয়েভ ও মস্কো। জলাধারের বাঁধ ভেঙে ভেসে গেছে গ্রামের পর গ্রাম ও ফসলি জমি। সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে প্লাবিত এলাকাগুলোতে। অনেক জায়গায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও বাঁধে কারা হামলা চালিয়েছে তা এখনও অস্পষ্ট।
কিয়েভের অভিযোগ, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণের আগে আতঙ্ক সৃষ্টি করতেই হামলা চালিয়েছে মস্কো।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, বন্যা আক্রান্ত এলাকা থেকে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ৪৭৪ শিশু রয়েছে। প্রবল ঢলে খেরসন এবং মাইকোলাইভে এক হাজার ৩০০ বাড়ি এখনও পানির নিচে। এদিন টেলিগ্রামে খেরসনের রুশ নিয়ন্ত্রিত গভর্নর আন্দ্রে আলেকসেনকো বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
এই পরিস্থিতিতে সম্প্রতি ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিক থেকে ভারী অস্ত্র নিয়ে পাল্টা হামলা শুরু করেছে কিয়েভ। ইতোমধ্যে ডনেস্কের ৭টির বেশি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা।
সূত্র: সিএনএন