ইউক্রেনের এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, রাশিয়ার দখলে থাকা পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কাছাকাছি এলাকায় অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। শুক্রবার তিনি বলেছেন, সেখানে ইউক্রেনীয় সেনারা বৃহস্পতিবার এক কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জুনের শুরুতে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে যে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন শুক্রবার সামরিক মুখপাত্রের এই মন্তব্য সেই অভিযানে অগ্রগতির ইঙ্গিত।
ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, প্রতিরক্ষা বাহিনী বাখমুতে আক্রমণ অব্যাহত রেখেছে। শত্রুর ওপর চাপ সৃষ্টি করে, আক্রমণ অভিযান পরিচালনা করে, উত্তর ও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে, গত দিনে, তারা এক কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্র বলেছেন, বাখমুতের ঠিক দক্ষিণ-পশ্চিমে ক্লিশচিভকা গ্রামের কাছে ইউক্রেনীয় বাহিনী আংশিক সাফল্য পেয়েছে।
ইউক্রেনের সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্লিশচিভকা সুরক্ষিত করতে পারলে বাখমুত পুনরুদ্ধারে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রচেষ্টাকে সহায়তা করবে।
রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা এই সপ্তাহের শুরুতে রুশ সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বলেছিল, মস্কোর বাহিনী ক্লিশচিভকায় ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে এবং এই অঞ্চলে অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিচ্ছে।
রয়টার্সের পক্ষ থেকে স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যাচাই করা সম্ভব হয়নি।
প্রায় ১৬ মাস আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। প্রায় দশ মাস লড়াইয়ের পর বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেয় তারা। তবে ইউক্রেন দাবি করে আসছে, তাদের সেনারা শহরটি পুনরুদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।