বিতর্কিত সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজনি প্রিগোজিনের বর্তমান অবস্থান নিয়ে অস্পষ্টতা রয়েছে। তবে পশ্চিমা গোয়েন্দাদের বরাতে ফরাসি মিডিয়া আউটলেট লিবারেশন দাবি করেছে, গত ১ জুলাই থেকে তিনি মস্কোতে। সোমবার (১০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে প্রিগোজিন নিজের বাহিনীসহ বিদ্রোহ প্রত্যাহারের পর রুশ ভূখণ্ডে আছেন। ওয়াগনারের ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় সময় কাটান।
তবে প্রিগোজিন এখন কোথায়– এ নিয়ে ক্রেমলিন এবং মিনস্কের পক্ষ থেকে কিছুই স্পষ্ট করা হচ্ছে না। ওয়াগনারের বাহিনীর সশস্ত্র যোদ্ধারা শিগগিরই বেলারুশে চলে যাবে বলে সম্প্রতি জানিয়েছিলেন দলটির একজন জ্যেষ্ঠ কমান্ডার। এর জন্য ক্যাম্প এবং অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে। তবে এটি বেলারুশের কোথায় তা জানা যায়নি।
রাশিয়ায় গত মাসে সংক্ষিপ্ত সশস্ত্র বিদ্রোহ করা ভাড়াটে ওয়াগনারের প্রধান প্রিগোজিন বেলারুশে নয়, রাশিয়ায় রয়েছেন বলে গত বৃহস্পতিবার দাবি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তার সঙ্গে সমাঝোতার পর রাশিয়ায় বিদ্রোহ বন্ধ করে বাহিনীসহ নিজেদের অবস্থানে ফিরে যান প্রিগোজিন।