রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে হামলা হয়েছে। সোমবার ভোরে অধিকৃত ক্রিমিয়ার ঝানকোইতে ড্রোন হামলার সময় এই ঘটনা ঘটে। ১১টি ড্রোন গুলি করে ধ্বংসের দাবি করেছে রুশ আকাশপ্রতিরক্ষা বাহিনী। হামলায় ইউক্রেনকে দায়ী করেছে মস্কো। খবর রয়টার্সের।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, ওই এলাকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনও হতাহত হয়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটারের বাইরে সাধারণ মানুষকে সরিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সড়ক ও রেল চলাচল বন্ধ থাকবে।
গোলাবারুদ ডিপোতে সরাসরি ড্রোন হামলা হয়েছে নাকি ড্রোনের ধ্বংসাবশেষের বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।
তিন দিনের মধ্যে ক্রিমিয়ায় এটি দ্বিতীয় হামলা। শনিবার আকসিওনভ বলেছিলেন, একটি ড্রোন মধ্য ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ ঘটায়।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ক্রিমিয়ায় এ ধরনের ঘটনা বেড়েছে। এর জন্য জেলেনস্কির বাহিনীকে দায়ী করে আসছে মস্কো।