বাংলাদেশে বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (২৯ আগষ্ট) লন্ডনে গণ পদযাত্রা কর্মসূচি করেছে যুক্তরাজ্য বিএনপি। মার্চ ফর ডেমোক্রেসি নামের এ পদযাত্রা স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের হাইড পার্ক কর্নার থেকে শুরু হয়। এতে বিএনপিপন্থি বিভিন্ন সংগঠন ও পেশাজীবিরা যোগ দেন।
সমাবেশে অংশ নেয়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশি কমিউনিটির মধ্যে জনসমাগমের দিক থেকে স্মরণকালের এটিই বৃহত্তম সমাবেশ।’
জানা গেছে, সমাবেশ সফল করতে যুক্তরাজ্য বিএনপির ৪২টি জোনে গত এক মাস ধরে জোনাল কমিটির নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। মসজিদ, মার্কেটসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বিতরণ করা হয় পদযাত্রা কর্মসূচিতে যোগ দেবার আমন্ত্রণ সংবলিত লিফলেট।
কেবল পুর্ব লন্ডনেই বাস করেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি। ৪২টি জোন থেকে বাস, প্রাইভেকার ও ট্যাক্সি নিয়ে বিএনপির দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশে অংশ নেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও নেতাকর্মীরা এতে যোগ দেন।