মুক্তি পেলেন দুই তুর্কি সাংবাদিক



nonameতিন মাস কারাগারে কাটানোর পর মুক্তি পেয়েছেন তুরস্কের দুই সাংবাদিক। রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের দায়ে বিতর্কিত এক মামলায় তাদের অভিযুক্ত করা হয়। বৃহস্পতিবার আদালতের এক রুল অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হয়।
ক্যান দুন্দার ও এরদেম গুল নামের ওই দুই সাংবাদিককে নভেম্বর মাসে আটক করা হয়। তারা তুরস্কের দুটি গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সরকারের বিরুদ্ধে এক প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগ আনা হয়।
আগামী ২৫ মার্চ দুন্দার ও গুলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ৯২ দিন কারাবাসের পর তাদের মুক্তি দেওয়া হয়।
অভিযুক্তদের ব্যক্তিগত পিটিশনের ভিত্তিতে দেওয়া আদালতের ওই রুলে বলা হয়, গ্রেফতার করায় তাদের ‘ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তা হরণ করা হয়েছে’ এবং ‘বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকেও লঙ্ঘন করা হয়েছে।’
এর আগে এই দুই সাংবাদিকের আটকাদেশের নিন্দা জানিয়ে প্রতিবাদ করেন তুরস্কের মানবাধিকার কর্মীরা। তবে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভোতোগলু এই মুক্তির বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। মামলার শুনানির পর তাদের মুক্তি দেওয়া হলেই তা যথাযথ হতো বলে মনে করেন তিনি। সূত্র: গার্ডিয়ান।

/ইউআর/এমপি/