গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও লন্ডনের রাস্তায় প্রতিবাদ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (২৮ অক্টোবর) দল মত নির্বিশেষে ব্রিটিশ-বাংলাদেশিসহ স্থানীয়রা প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই তারা বিক্ষোভ করেছেন। পতাকা উড়িয়ে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হোয়াইটহল, ওয়েস্টমিনিস্টার এবং ওয়াটারলু ব্রিজের চারপাশে বিশাল জনসমাগম হয়েছে। বিক্ষোভকারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে ইসরায়েলকে সমর্থন না দিয়ে নিরপেক্ষ থাকতে ও ফিলিস্তিনি শরণার্থীদের ব্রিটেনে আশ্রয় দেওয়ার দাবিতে লাখো ব্রিটিশ জনগণ পার্লামেন্ট বরাবরে দুটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন।
যুক্তরাজ্যের অভিবাসীদের সমর্থিত সংখ্যাগরিষ্ট দল লেবার পার্টির নেতা কিথ স্টিমার শুরুতে ইসরায়েলকে সমর্থন দিয়েছিলেন। তারপর থেকেই দলটির অভ্যন্তরে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এ জন্য দলের বেশ কিছু কাউন্সিলার ইতোমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
লন্ডনের মেয়র সাদিক খান, অ্যান্ডি বার্নহ্যাম এবং স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ারের পদক্ষেপের পর দলের ভেতরে আরও চাপ বেড়েছে।