রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়িবোমা বিস্ফোরণে দেশটির এক সামরিক কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার সকালের এই হামলাটি একটি হত্যা প্রচেষ্টা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ায় সামরিক কর্মকর্তা এবং ক্রেমলিনপন্থি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বহনকারী বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাস জানায়, আন্দ্রেই তোরগাশভ এবং তার স্ত্রী ওই বিস্ফোরণে আহত হন। তিনি ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণকারী ও সার্ভিসম্যান হিসেবে পরিচিত।
বিস্ফোরণে তোরগাশভ মারাত্মকভাবে পায়ে আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি অজ্ঞাত বস্তুর বিস্ফোরণে দুজন আহত হয়েছে।
গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি তুরস্কে পালিয়ে গেছে।
পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্স-এ একটি পোস্টে বলেছেন, মস্কোতে হামলার জন্য সন্দেহভাজন এক রুশ নাগরিককে তুরস্কের বোদ্রামে গ্রেফতার করা হয়েছে। তিনি মস্কো থেকে বিমানে এসেছিলেন।