লন্ডনে সেমিনার

দেশ গঠনে ভূমিকা রাখতে চান দেড় কোটি প্রবাসী বাংলাদেশি

ব্রিটিশ-বাংলাদেশি পেশাজীবীদের উদ্যোগে লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটির মিলনায়তনে ‘দেড় কোটি প্রবাসী বাংলাদেশি: জাতি গঠনে তারা কীভাবে ভূমিকা পালন করতে পারেন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) লন্ডন সময় রাতে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিয়মিতভাবে নিজ নিজ অবস্থান থেকে দিনের পর দিন হাইকমিশন ঘেরাওসহ বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়েছেন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষ, প্রবাসীরা ৫ আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। তাই দেড় কোটি প্রবাসীকে অবহেলা করার কোনও সুযোগ নেই। এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা নয়, বরং বাংলাদেশের সর্বক্ষেত্রে অন্যান্য নাগরিকদের মতো প্রবাসীদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন রয়েছে। যেকোনও উপায়ে এই সরকারকে সফল হতে হবে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫৩ বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে প্রবাসীদের বঞ্চিত করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর প্রায় ১৫টি স্বাধীন দেশ রয়েছে যাদের মোট জনসংখ্যা দেড় কোটিরও কম। তাই এত বিপুল সংখ্যক প্রবাসীদের অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর ও সম্মিলিত পেশাজীবী ইউকের কো-কনভেনার নসরুল্লাহ খান জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কমনওয়েলথ স্কলার ড. কামরুল হাসান, বাংলাদেশের সাবেক বিচারপতি ব্যারিস্টার মুজিবুর রহমান, সুরমার সম্পাদক সামছুল আলম লিটন, বুয়েটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টার তারেক আজিজ, শিক্ষাবিদ মুহাম্মদ শাহ আলম, ব্যারিস্টার ইকবাল হোসেন ও ডা. সাইফউদ্দিন কিসলু প্রমুখ।