সাত সপ্তাহ পর ফের তুরস্কে মুখোমুখি রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন সাত সপ্তাহ পর নতুন করে শান্তি আলোচনায় বসছে। বুধবার (২৩ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে এই আলোচনা শুরু হবে বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার আলোচক দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কির ব্যবহৃত একটি বিমান মস্কো থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪।

এই বৈঠকটি হবে ইস্তাম্বুলে তৃতীয় রাউন্ডের শান্তি আলোচনা। আগের দুই দফা বৈঠক হয়েছে ১৬ মে ও ২ জুন। এর ফলাফলস্বরূপ হাজার হাজার যুদ্ধবন্দি ও মৃত সেনার দেহাবশেষ বিনিময় হয়েছিল।

তবে প্রায় তিন বছর ছয় মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এখনও পর্যন্ত কোনও পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।

এর মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি চুক্তি না হলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া ও রাশিয়ান পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে ক্রেমলিনের ঘনিষ্ঠ তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হুমকিতে বিচলিত নন। বরং তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন যতক্ষণ না পশ্চিমা বিশ্ব তার শান্তির শর্তে আলোচনায় বসে। এমনকি যুদ্ধক্ষেত্রে রুশ অগ্রগতি অব্যাহত থাকলে পুতিনের ভূখণ্ড দাবি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে সংশ্লিষ্ট সূত্রগুলো।