অস্ট্রেলিয়ায় রুশ কনস্যুলেটে গাড়ির ধাক্কা, এক ব্যক্তি গ্রেফতার

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে রুশ কনস্যুলেটের প্রধান ফটকে গাড়ি ঢুকিয়ে দেওয়ার পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) সকাল প্রায় ৮টার দিকে উলাহরা এলাকায় কনস্যুলেট ভবনের সামনে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের কাছে খবর আসে, কনস্যুলেটের গেটে ‘অনুমোদনহীন একটি গাড়ি’ দাঁড়িয়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি গাড়ি চালিয়ে সরাসরি কনস্যুলেটের গেটে ধাক্কা মারেন। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল (২৪) হাতে আঘাত পান। তবে অন্য কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।

পরে ৩৯ বছর বয়সী ওই চালককে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন বলে জানানো হয়েছে।

পুলিশ চালক বা তার উদ্দেশ্য সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে বলেছে তদন্ত চলছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ ও নাইনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাশিয়ার পতাকার খুঁটির পাশে একটি গাড়ি পড়ে আছে। গাড়িটির কাচ ভেঙে গেছে।

রুশ কনস্যুলেট এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এক প্রত্যক্ষদর্শী সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে কোনও দৃশ্যমান সংঘর্ষ ছাড়াই গ্রেফতার করা হয়েছে।