পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব যাওয়ার পথে মাঝ আকাশে মোহাম্মদ হারুনুর রশিদ নামের এক ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। উড়োজাহাজে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যুক্তরাজ্য প্রবাসী ও ছাতকের কমিউনিটি নেতা আক্তার হোসেন শুক্রবার রাতে এই হৃদয়বিদারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঝ আকাশে মৃত্যুর কারণে মরদেহ দাফন ও হস্তান্তরের ক্ষেত্রে বর্তমানে পরিবারকে কিছু জটিল আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওমরাহ করার নিয়তে তিনি লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়োজাহাজে উঠেছিলেন। মাঝ আকাশে থাকাকালীন তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উড়োজাহাজে থাকা কেবিন ক্রু এবং চিকিৎসকরা তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হারুনুর রশিদ সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড় কেজাউরা গ্রামের বাসিন্দা। তিনি চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মুজাহিদ আলী মাস্টারের দ্বিতীয় পুত্র।