মার্কিন সরকারের শীর্ষ কর্মকর্তা হিসেবে মস্কো সফরে গেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ। রাশিয়ার কর্মকর্তাদের সাথে বৈঠকের উদ্দেশে তিনি মঙ্গলবারে মস্কো পৌঁছান বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর এটাই র্যাটক্লিফের প্রথম মস্কো সফর। জানুয়ারির পর মার্কিন ট্রাম্প প্রশাসনের কোনও উচ্চপদস্থ কর্মকর্তার রাশিয়ায় এটাই সবচেয়ে হাই-প্রোফাইল সফর।
সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিআইএ পরিচালকের এই সফরের কথা ইউক্রেনকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। র্যাটক্লিফ ও তার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মস্কো ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে সব ধরণের সামরিক হামলা স্থগিত রাখার জন্য অনুরোধ জানায় ওয়াশিংটন।
সূচি অনুযায়ী, র্যাটক্লিফ রবিবার ওয়াশিংটন থেকে রওনা হয়ে মার্কিন সরকারের একটি বিমানে প্রথমে লাটভিয়ায় অবতরণ করেন। পরবর্তীতে মঙ্গলবার লাটভিয়ার রিগা থেকে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ বিমানে চেপে তিনি মস্কোর উদ্দেশে রওনা হন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস র্যাটক্লিফের এই সফরের বিষয়টি সামনে আনে। তবে এ বিষয়ে সিআইএ-র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
সূত্র: অ্যাক্সিওস
আরও পড়ুন: