পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক

অপরিচিতদের নামে প্রায় শত শত পিৎজা অর্ডার করে বিপাকে পড়েছেন পোল্যান্ডের এক যুবক। সাইবার অপরাধ দমনে নিয়োজিত দেশটির সেন্ট্রাল ব্যুরো ফর কমব্যাটিং সাইবারক্রাইম চেচিন শহর থেকে ২৩ বছর বয়সী এই যুবককে গ্রেফতার করেছে। অনলাইনে হয়রানি, পরিচয় জালিয়াতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে তাকে আটক করা হয়।

পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্ত যুবক সারা দেশের বিভিন্ন ঠিকানায় ভুয়া নাম ব্যবহার করে শত শত পিৎজার অর্ডার দিতেন। তবে যাদের নামে এসব অর্ডার দেওয়া হতো, তারা এর কিছুই জানতেন না। পিৎজার অর্ডারের তথ্যে ভুক্তভোগীদের নাম-ঠিকানার পাশাপাশি কিছু গোপন তথ্য দেওয়া হতো, যা কেবল ভুক্তভোগী ও তাদের কাছের মানুষেরই জানার কথা।

বেশিরভাগ ভুয়া অর্ডার চেচিন শহরের জন্য হলেও পোল্যান্ডের প্রধান শহর ভ্রৎসওয়াফ, ক্রাকফ এবং ওয়ারশতেও কয়েক ডজন অর্ডার পাঠানো হয়। এর ফলে বেশ কিছু রেস্তোরাঁ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে, যদিও কারিগরি কারণে কিছু ডেলিভারি বাতিল করা হয়।

এক ঘটনায় ওই যুবক ৩৭ হাজার জলোটি (প্রায় ১০ হাজার মার্কিন ডলার) মূল্যের ৩০০টি পিৎজার অর্ডার দিয়েছিলেন। আবার কিছু ক্ষেত্রে অর্ডারের পরিমাণ এত বিশাল ছিল যে নির্ধারিত সময়ে পিৎজা তৈরি অসম্ভব ভেবে রেস্তোরাঁগুলোই তা বাতিল করে দেয়।

সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবকের বাড়ি থেকে হয়রানিতে ব্যবহৃত ডিভাইস ও ডেটা ক্যারিয়ার জব্দ করেছে পুলিশ। অপরাধ প্রমাণিত হলে এই যুবকের সর্বোচ্চ ৮ বছরের কারাদণ্ড হতে পারে। তবে ঠিক কী কারণে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন, সেই কারণ এখনও খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্র: ওডিটি সেন্ট্রাল