নরওয়েতে অর্থপাচার তদন্তের সময় একটি বেপরোয়া গতির ভ্যানের সূত্র ধরে প্রায় ৬৭ হাজার মার্কিন রুপার মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এসব মুদ্রার মূল্য অন্তত ২ কোটি ৫০ লাখ নরওয়েজিয়ান ক্রোন, যা প্রায় ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের সমান।
২০২৫ সালের এপ্রিলে রাজধানী অসলো থেকে পশ্চিমে বেয়ারুম এলাকায় একটি মহাসড়কে ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এতে হাজার হাজার ‘আমেরিকান ঈগল’ রুপার মুদ্রা পাওয়া যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসা আরেকটি ভ্যানেও একই ধরনের আরও হাজার হাজার মুদ্রা পাওয়া যায়।
বৃহস্পতিবার নরওয়ের অর্থনৈতিক অপরাধ তদন্ত ইউনিট ওকোক্রিম জানায়, মুদ্রাগুলো অবৈধভাবে রাখার দায়ে তিন নরওয়েজিয়ান নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই পুরুষ ও একজন নারী রয়েছেন। গুরুতর অর্থপাচারের অভিযোগে তাদের সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্রের একটি বড় বিনিয়োগ জালিয়াতি থেকে পাওয়া অর্থ রুপার মুদ্রায় রূপান্তর করে সেগুলো নরওয়েতে সংরক্ষণ করা হয়েছিল। মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিক অবশ্য খালাস পেয়েছেন। রায়ের বিরুদ্ধে উভয় পক্ষের আপিলের সুযোগ রয়েছে।
নরওয়ের সরকারি কৌঁসুলি জন আন্দ্রে হভোস্লেফ-আইডে বলেন, রুপার মুদ্রাগুলো উদ্ধার হওয়া এবং রায় ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতারণার শিকার ব্যক্তিদের আত্মসাৎ করা সম্পদ ফেরত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে বিচারিক প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পরই সম্পদ ফেরত দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
এর আগে ২০১৯ সালে নরওয়েতে ৭৯ হাজার ৫০০টি মার্কিন রুপার মুদ্রার একটি মজুত উদ্ধার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের অনুরোধে নিখোঁজ আরও মুদ্রার সন্ধান চালাচ্ছিলেন তদন্তকারীরা। সেই অনুসন্ধানের অংশ হিসেবেই ২০২৫ সালে নতুন মুদ্রাগুলোর সন্ধান মেলে।
মার্কিন টাকশাল সংগ্রাহকদের জন্য বিভিন্ন ধাতু দিয়ে আমেরিকান ঈগল মুদ্রা তৈরি করে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও প্যালাডিয়ামের মুদ্রাও রয়েছে। গত এক বছরে রুপার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় উদ্ধার করা মুদ্রাগুলোর বর্তমান মূল্য হারিয়ে যাওয়ার সময়ের তুলনায় আরও বেড়েছে।
সূত্র: এবিসি নিউজ