রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে একটি ‘জ্বালানি যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই পক্ষকেই এই চুক্তি ভঙ্গ না করার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লিখেছেন, অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের ‘জ্বালানি যুদ্ধবিরতি’। উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। এটি ভঙ্গ করবেন না! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
ঘোষণা অনুযায়ী, এই চুক্তির ফলে দুই দেশই একে অপরের জ্বালানি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো বন্ধ রাখবে। চুক্তিটি বাস্তবায়নের মাধ্যমে সংঘাতের তীব্রতা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।