ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নির্ধারিত বিশেষ প্রার্থনা সভায় পোপ লিও চতুর্দশের উপস্থিত থাকার কথা থাকলেও চিকিৎসাধীন থাকায় তার পরিবর্তে দায়িত্ব সামলেছেন অপর এক জ্যেষ্ঠ চার্চ কর্মকর্তা। ডান ফুসফুসের অস্ত্রোপচারের পর প্রথম মার্কিন পোপ লিও চতুর্দশের শরীরে ক্যানসার ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ক্যাথলিকদের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
মাত্র ১৮ মাসেরও কম সময় আগে ৬৯ বছর বয়সে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হন লিও। প্রায় ৪০ বছর আগে পোপ দ্বিতীয় জন পল পোপ হওয়ার পর তিনিই ছিলেন সবচেয়ে কম বয়সী প্রধান। ফলে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করবেন, এমন ধারণাই তৈরি হয়েছিল। সাবেক পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যাওয়ার পর লিও চতুর্দশের নিয়মিত খেলাধুলা, সাঁতার কাটা ও নিয়মতান্ত্রিক জীবনযাপন তার স্বাস্থ্য নিয়ে আশাবাদী করে তুলেছিল। তাই এই আকস্মিক অসুস্থতা সবাইকে হতবাক করেছে। ভ্যাটিকানের পররাষ্ট্রসচিব কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেন, কেউ এটি আশা করেনি। এটি একেবারে মেঘ না চাইতেই বজ্রপাতের মতো। আমি সত্যিই চিন্তিত।
অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসার ছড়িয়ে পড়া অংশ অপসারণ করা হয়েছে বলে চিকিৎসকেরা আশাবাদী হলেও পোপের আগামী ২০ অক্টোবর পর্যন্ত সব কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে বিশপদের নিয়ে আয়োজিত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বৈঠক ও সমাপনী প্রার্থনায় তিনি নিজে অংশ নিতে পারেননি।
অসুস্থতার কারণে আগামী ৬ থেকে ১৭ নভেম্বর নির্ধারিত উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে তার সফরসূচি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১৪টি ফ্লাইট, ৫০টি অনুষ্ঠান ও উচ্চ পার্বত্য এলাকা ভ্রমণসম্বলিত এই সফর নিয়ে অস্ট্রেলিয়ান বিশপস কনফারেন্সের সভাপতি আর্চবিশপ টিম কস্টেলো বলেন, বর্তমান পরিস্থিতি অনিবার্যভাবেই এই সফর ঘিরে প্রশ্ন তৈরি করছে।
তবে পোপ লিও একজন শক্ত ও সুস্থ মানুষ বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগোর আর্চবিশপ কার্ডিনাল ব্লেজ কাপিচ জানান, পোপ চিকিৎসকদের পরামর্শ মেনেই সিদ্ধান্ত নেবেন।
অস্ত্রোপচারের দুদিন আগে পোপ লিও ফিলিপাইনের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলকে কলেজ অব কার্ডিনালস-এর ডিন হিসেবে নিয়োগ দেন। পোপ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এই নিয়োগের বিশেষ তাৎপর্য দেখা দিয়েছে, কারণ কনক্লেভ বা নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়ায় ডিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজের পরিবারের ক্যানসারের ইতিহাস থাকা সত্ত্বেও পোপ শক্ত হাতে ভ্যাটিকানের প্রশাসনিক কাজ তদারকি করছেন। পোপের অনুরাগী ও বন্ধু ফাদার জোসেফ ফারেল বলেন, পোপের এই শারীরিক অবস্থা বিশ্বজুড়ে অসুস্থদের প্রতি তার সহমর্মিতাকে আরও গভীর করবে। পোপকে নিয়ে বই লেখা বিশ্লেষক এলিস অ্যালেন জানান, পোপ অত্যন্ত কঠোর পরিশ্রমী ও দৃঢ় সংকল্পবদ্ধ, তাই সুস্থ হয়ে তিনি দ্রুতই স্বাভাবিক কাজে ফিরতে চাইবেন। সম্প্রতি এক ভাষণে পোপ লিও নিজেও বলেছিলেন, শারীরিক ভঙ্গুরতা ও দুর্বলতা আমাদের মানবজীবনের স্বাভাবিক অংশ, যা চার্চের জীবনের সঙ্গেও যুক্ত।
এখন তিনি নিজেই সেই ভঙ্গুরতা মোকাবিলার বাস্তবতায় মুখোমুখি।
সূত্র: সিএনএন