৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি

প্রথমবার ইউরোপ ভ্রমণে গিয়ে নিয়ম না জানার মাশুল গুনতে হলো এক ভারতীয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর দম্পতিকে। মাত্র ৩০০ রুপির ট্রাম টিকিটে অনুমোদন (ভ্যালিডেট) না করায় ১৩ হাজার রুপি জরিমানা গুনেছেন ভাঞ্চা ও সক্ষম নামের এই দম্পতি।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ইউরোপ ভ্রমণকারীদের সতর্ক করে ভাঞ্চা বলেন, আমরা এইমাত্র স্ট্রাসবার্গে নামলাম। এয়ারবিএনবি-তে পৌঁছানোর জন্য আমাদের শুধু একটি ট্রাম ধরতে হতো। আমরা টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কিনি, যেখানে কোনও নির্দেশনা ছিল না।

তিনি জানান, কিওস্কে কার্ড পাঞ্চ করে টিকিট ভ্যালিডেট করতে হতো, যা তারা জানতেন না। ফলে অনুমোদন ছাড়াই তারা ট্রামে উঠে পড়েন। ভাঞ্চা বলেন, দুটি স্টেশন পরেই একজন পরিদর্শক আসেন এবং আমাদের জরিমানা করেন। আমরা বহু আকুতি-মিনতি করে বলেছিলাম যে আমরা পর্যটক এবং আমাদের সব বুকিং রয়েছে। আমরা শুধু জানতাম না যে কার্ড পাঞ্চ করতে হয়।

সেখানে তাদের সাহায্য করার মতো কোনও কর্মী ছিল না এবং পুলিশ পরিদর্শকও কোনও কথা শুনতে চাননি। তিনি বলেন, আপনি পর্যটক কি না কিংবা আপনার উদ্দেশ্য ভালো কি না, তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যবহারকারী নিজেদের মতামত প্রকাশ করেন। একজন লিখেছেন, চিন্তা করবেন না, এগুলো ভ্রমণের অভিজ্ঞতা। ১৫ বছর ধরে ঘুরেও এখনও শিখছি।

আরেকজন জানান, পরিদর্শকরা প্রতিদিন যত টাকা জরিমানা আদায় করেন, তার ওপর কমিশন পান বলেই কোনও অনুরোধ শোনেন না। অন্য একজন লিখেছেন, আমার মাসিক সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও আপনার মতোই একই জরিমানার মুখোমুখি হতে হয়েছিল।

সূত্র: এনডিটিভি