পিৎজায় আনারস দিতে অস্বীকার করায় চাকরিচ্যুত ইতালীয় শেফ আবেদন করেও চাকরি ফিরে পাননি। অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশন তার আবেদন খারিজ করে দিয়েছে।
সমুদ্রফেনা-সবুজ ও সাদা সাজসজ্জা, খোলা ইটের থাম আর ইউরোপীয় ওক কাঠের টেবিলে ক্লাসিক ইতালীয় খাবার পরিবেশনের মাধ্যমে কুইন্সল্যান্ডের শহরকেন্দ্রে ইতালির একটি মার্জিত অংশ হিসেবে নিজেদের তুলে ধরত লা কোস্টা। রেস্তোরাঁটি এখন বন্ধ। এর ওয়েবসাইটে এখনও লেখা আছে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, মুহূর্তের মধ্যেই আপনি বুঝবেন, আপনি আর ব্রিসবেনে নেই, ইতালীয় রিভিয়েরায় পৌঁছে গেছেন।
তবে সাবেক হেড শেফের কাছে শুধু একটি উপকরণই সেই মায়া ভেঙে দিতে যথেষ্ট ছিল। সেটি হলো পিৎজার ওপর আনারস। মঙ্গলবার দাখিল করা ফেয়ার ওয়ার্ক কমিশনের রায়ে বলা হয়, দাভিদে তামবুরেল্লাকে ২০ মে লা কোস্টা থেকে বরখাস্ত করা হয়। এর দুই সপ্তাহ আগে কর্মদক্ষতাসংক্রান্ত উদ্বেগ নিয়ে আলোচনার জন্য তাকে মালিক এলিয়ট ইনগ্রামের সামনে হাজির করা হয়েছিল। এসব উদ্বেগের একটি ছিল পিৎজায় আনারস দিতে ইতালীয় শেফের অস্বীকৃতি। তার যুক্তি ছিল, এটা করা তার সংস্কৃতির অপমান। অস্ট্রেলিয়ার এ রাজ্যে কাঁটাযুক্ত এ ক্রান্তীয় ফলের এতই কদর যে এর সম্মানে বিশাল স্মারক নির্মাণ করা হয়েছে। সেখানে এ অস্বীকৃতিকে অনেকেই অপবিত্রতা মনে করবেন। তবে তামবুরেল্লা ও ইনগ্রাম, দুজনের জন্যই এ অস্বীকৃতির মূল্য ছিল ব্যয়বহুল।
তামবুরেল্লা তখন ১৮৬ ভিসা প্রক্রিয়ার তিন বছরেরও বেশি সময় পার করেছেন। এটি নিয়োগকর্তার স্পনসরে স্থায়ী বসবাসের পথ। ইনগ্রাম জানান, তামবুরেল্লাকে আর নিয়োগ না রাখার কথা কর্তৃপক্ষকে জানাতে তিনি আইনত যতটা সম্ভব দেরি করেছেন, যাতে স্পনসরশিপ প্রত্যাহার করার আগেই ভিসা আবেদন অনুমোদিত হয়। তা হয়নি। ফলে এ অস্থায়ী অভিবাসীকে ১৮৬ প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে।
ইনগ্রামের কাছে এটি ছিল ব্যবসা পরিচালনার খরচ। তিনি বলেন, আমাদের একটি বড় অনুষ্ঠান এসেছিল, তারা ১৫ হাজার ডলারের বেশি খরচ করছিলেন। পুরো বিলের টাকা যিনি দিচ্ছিলেন, তিনি বললেন, দেখুন, আমার হ্যাম আর আনারসের পিৎজা লাগবে।
ফেয়ার ওয়ার্ক কমিশন শুনেছে, তামবুরেল্লা স্বীকার করেন যে এ নির্দেশ তিনি তৃতীয়বারের মতো অমান্য করছিলেন। তিনি বরং ইনগ্রামকে অনুরোধ করেন, ইতালীয়দের জন্য পিৎজায় আনারস না দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, তা যাচাই করে দেখুন।
ইনগ্রাম বলেন, বিতর্কিত এ ক্রান্তীয় পিৎজা তার নিজের প্রথম পছন্দ ছিল না। তবে আতিথেয়তা খাতে ১৭ বছর এবং এক দশকের বেশি রেস্তোরাঁ চালানোর অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, কোন লড়াই বেছে নিতে হবে। কৌশলী ভঙ্গিতে তিনি বলেন, আমি কি গিয়ে হ্যাম আর আনারসের পিৎজা কিনব? এটি সম্ভবত আমার একেবারে প্রিয় নয়। কিন্তু আমি এতে নাক সিঁটকাব না, সেটা নিশ্চিত। আর দেখুন, আগে আমাদের শিশুদের মেনুতেও হ্যাম আর আনারসের পিৎজা ছিল।
তামবুরেল্লার অভিযোগ, ফেয়ার ওয়ার্ক আইন লঙ্ঘন করে তাকে বরখাস্ত করা হয়েছে। কর্মক্ষেত্রে একটি ধাতব হাতলে আঘাত লেগে তার ডান হাত দুই জায়গায় ভেঙে যায়। তার দাবি, এ আঘাতও বরখাস্তের আংশিক কারণ।
ফেয়ার ওয়ার্ক কমিশনের কমিশনার জেনিফার হান্ট তামবুরেল্লার সাধারণ সুরক্ষা-সংক্রান্ত আবেদন খারিজ করেছেন। কারণ হিসেবে বলা হয়েছে, আবেদনটি দেরিতে দাখিল করা হয়েছে এবং ব্যতিক্রমী পরিস্থিতির মানদণ্ড পূরণ করেনি। লিজের মেয়াদ শেষ হওয়ায় জুলাইয়ে লা কোস্টা বন্ধ হয়ে যায়। ইনগ্রাম এর কারণ হিসেবে ফর্টিটিউড ভ্যালিতে ব্যবসা পরিচালনার উচ্চ খরচের কথা বলেছেন।
মন্তব্যের জন্য তামবুরেল্লার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি এখন অন্য একটি ইতালীয় রেস্তোরাঁয় কাজ করছেন। সেখানকার মেনুতে আনারস নেই।
সূত্র: আনাদোলু এজেন্সি