উরোপগামী নৌযানসহ নিখোঁজ ১৭৫ অভিবাসনপ্রত্যাশী

প্রায় দুই সপ্তাহ আগে সেনেগালের রাজধানী ডাকার থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় ১৭৫ জন অভিবাসনপ্রত্যাশীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মধ্যে স্থানীয় কর্মকর্তা ও একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় মাছ ধরার ঘাটের সাধারণ সম্পাদক এবং ডাকারের ইয়ফ জেলার মেয়র জানিয়েছেন, গত ৯ থেকে ১০ নভেম্বরের দিকে ইয়ফ এলাকা থেকে নৌযানটি যাত্রা শুরু করেছিল।

ইয়ফের মেয়র সেদিনা ইসা লায়ে বলেন, স্থানীয়ভাবে ‘পিরোগ’ নামে পরিচিত কাঠের তৈরি ওই নৌযানটিতে প্রায় ১৭৫ জন আরোহী ছিলেন। অন্যদিকে, বেসরকারি মানবাধিকার সংস্থা ‘অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ’ জানিয়েছে, নৌযানটির ১৭২ জন আরোহী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং সংস্থাটি অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

এদিকে, সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, তারা গত সোমবার পাঁচটি পিরোগ নৌযান থেকে ৯৭৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। নৌবাহিনীর বিবৃতির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত সেনেগাল থেকে যাত্রা করা বা যাত্রার চেষ্টাকালে ৫ হাজার ২০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার, আটক কিংবা প্রতিরোধ করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যমতে, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে; শুধু নভেম্বরের প্রথম ১২ দিনেই ৮ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

আটলান্টিক মহাসাগরের এই পথটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। অভিবাসন অধিকারবিষয়ক সংস্থা ওয়াকিং বর্ডারস-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে এই পথ পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩৫ জন।