জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জানিয়েছেন, রাশিয়া থেকে নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন অনুমোদনের প্রক্রিয়া স্থগিত করেছে জার্মানি। মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।
বার্লিনে সাংবাদিকদের শলৎস জানান, ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের জবাবে তার সরকার পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, এটি কারিগরি সিদ্ধান্ত মনে হতে পারে। কিন্তু পাইপলাইনটির অনুমোদন যাতে না হয় সেজন্য এটি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ। এই অনুমোদন ছাড়া নর্ড স্ট্রিম ২ চালু হতে পারবে না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে অন্যায্য এবং বোধগম্য নয় বলে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শলৎস জানান, মস্কোকে তাদের পদক্ষেপের জন্য জবাবদিহি করতে হবে। রুশ প্রেসিডেন্টের একতরফা, অন্যায্য পদক্ষেপের জবাব দেওয়ার বিষয়টি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ঘাড়ে এসে পৌঁছেছে। সমন্বিতভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে।