যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের সিদ্ধান্তের পর বিশ্ববাজারে তেলের দাম ফের লাফিয়ে বেড়েছে। এ অবস্থায় জ্বালানি সংকটে চাপে পড়া নাগরিকদের স্বস্তি দিতে জ্বালানির ওপর কর কমানোর ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মের্ৎস বলেন, এই যুদ্ধই আমাদের দেশের সমস্যার মূল কারণ। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
ফ্রিডরিখ মের্ৎস তার দল সিডিইউ এবং জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার পর পেট্রোল ও ডিজেলের ওপর কর দুই মাসের জন্য প্রায় ১৭ ইউরো সেন্ট (০.১৯ ডলার) কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
বার্লিনে এক সংবাদ সম্মেলনে মের্ৎস বলেন, এটি খুব দ্রুত দেশের চালক ও ব্যবসায়ীদের পরিস্থিতির উন্নতি করবে, বিশেষ করে যারা পেশাগত কারণে সড়কে অনেক সময় ব্যয় করেন।