এয়ার ইন্ডিয়ার কর্মীকে স্যান্ডেল দিয়ে পেটালেন ভারতীয় এমপি

 

শিবসেনা এমপি রবীন্দ্র গায়কোয়াড়এয়ার ইন্ডিয়ায় বিজনেস ক্লাসে সফর করতে না পারায় বিমানটির এক কর্মীকে ২৫বার স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন ভারতের মহারাষ্ট্রের এমপি রবীন্দ্র গায়কোয়াড়। মেরেই ক্ষান্ত হননি তা সাংবাদিকদেরও জানিয়েছেন হিন্দু কট্টরবাদী দল শিবসেনার এই এমপি। বলেছেন,‘অপমান করছিল, স্যান্ডেল দিয়ে ২৫ বার মেরেছি’।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের ওসমানাবাদের এমপি রবীন্দ্র গায়কোয়াড় দিল্লি যাচ্ছিলেন। পুনে থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানে ওঠেন তিনি। বিজনেস ক্লাসে ভ্রমণের কুপন ছিল তার কাছে। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, যে ফ্লাইটে তিনি ভ্রমণ করতে চাচ্ছেন তাতে কোনও বিজনেস ক্লাসের আসন নেই, সবই ইকনমি ক্লাস। ফ্লাইটটি দিল্লিতে পৌঁছলে গায়কোয়াড় বিমান থেকে নামতে রাজি হননি।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা, পরবর্তী ফ্লাইটের জন্য রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়ার সময় হওয়ার কারণে বিমানকর্মীরা গায়কোয়াড়কে নেমে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তবু তিনি নামতে রাজি হননি। এক পর্যায়ে এক কর্মীর সঙ্গে গায়কোয়াড়ের বাকবিতণ্ডা শুরু হয়। এর পর আচমকা স্যান্ডেল দিয়ে ওই কর্মীকে মারতে শুরু করেন তিনি।

গায়কোয়াড় বলেন,‘আমি বলি, আমি এক জন সাংসদ, গলা চড়িয়ে কথা বলবেন না। তিনি বলেন, কীসের সাংসদ? আমি মোদির সঙ্গে কথা বলে নেব। তখন আমি মেরেছি। অপমান আমি সহ্য করব না। আমি শিবসেনার সাংসদ, বিজেপির নই।’

এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ গায়কোয়াড়কে যাত্রীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে। সূত্র: বিবিসি।

/এএ/