শুনানি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ভারতের সুপ্রিম কোর্টের

জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ কিছু মামলার শুনানি কার্যক্রম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। স্বচ্ছতা বাড়ানো এবং এজলাস কক্ষে ভিড় কমাতে বুধবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।_97503003_gettyimages-486061340

আদালত মনে করেন, এজলাসের ভেতর কী চলছে তা জানার অধিকার রয়েছে নাগরিকের। সূর্যের আলো যেমন জীবানুনাশকের কাজ করে, সরাসরি সম্প্রচারও বিচার ব্যবস্থায় তেমন এক পদক্ষেপ।

বুধবার আধার কার্ড সংক্রান্ত রায়ের দিনেই এজলাসের লাইভ সম্প্রচারের বিষয়ে গুরুত্বপূর্ণ এ পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ। বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘এজলাসে লাইভ সম্প্রচার হওয়া উচিত। এর ফলে গোটা বিচার ব্যবস্থার মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে।’ তবে, ৭০ সেকেন্ড দেরিতে সরাসরি সম্প্রচারের প্রস্তাব রাখা হয়েছে। যদি এজলাসের মধ্যে কোনও অবমাননাকর ঘটনা ঘটে তাহলে সম্প্রচার বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকবে বিচারকদের হাতে।

গত জুলাইয়ে এক শুনানিতে বিচারপতি দীপক মিশ্র বলেছিলেন, সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিচার সংক্রান্ত বিষয়ে সাধারণ নাগরিককে অবগত করা যেতে পারে। এমনকি মামলা দায়েরকারীরাও বিভিন্ন মামলার বিষয়ে জানতে পারেন। বাদীর আইনজীবী কিভাবে মামলা লড়বেন, সে বিষয়ে ধারণাও তৈরি হতে পারে তাদের। তবে, ধর্ষণ এবং বিবাহ সংক্রান্ত মামলার ক্ষেত্রে সরাসরি সম্প্রচার না হওয়ার পক্ষে যুক্তি দেন তিনি। প্রধান বিচারপতির ভাষায়, ‘যারা আইন নিয়ে পড়াশুনা করছেন, তাদের কাছে এই সম্প্রচার হবে গুরুত্বপূর্ণ বিষয়।’

উল্লেখ্য, লাইভ সম্প্রচারের বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাটি করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং, আইনের ছাত্র স্নেহিল ত্রিপাঠী এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেন্টার ফর অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্চ’।