ইকোনমিক টাইমস

যেভাবে পাকিস্তানের পারমাণবিক হুমকি মোকাবিলা করছে ভারত

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হলেই পারমাণবিক যুদ্ধের কথা চলে আসে। উভয়দেশই পারমাণবিক শক্তিধর হওয়ার ফলে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে পারমাণবিক হামলার আশঙ্কা থেকে যায়। পাকিস্তানও সব সময় পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে। সর্বশেষ ভারত যখন পুলওয়ামা হামলার প্রতিশোধ নেওয়ার কথা জানায় তখন পাকিস্তানের রেলমন্ত্রী আবারও পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘পাখির কলরব বা মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যাবে না'। পাকিস্তানের এই পারমাণবিক হুমকি মোকাবিলায় ভারত ‘কোল্ড স্টার্ট’ নামের কৌশল গ্রহণ করেছে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

indian-army-military-exercise-1486472234

প্রতিবেদনে পারমাণবিক যুদ্ধ এড়িয়ে পাকিস্তানকে শায়েস্তা করতে ভারত কোল্ড স্টার্ট কৌশল গ্রহণ করেছে বলে দাবি করা হয়েছে। এই কৌশলটি ২০০১ সালের ডিসেম্বরে অপারেশন পারাকারামের পর গ্রহণ করা হয়েছে। ওই অভিযানে ভারতের আক্রমণ করার শক্তির সীমাবদ্ধতা ধরা পড়ে। বিশেষ করে সীমান্ত এলাকায় সেনা মোতায়েনের ধীরগতি চিহ্নিত হয়। কারণ ভারতীয় বাহিনী অভিযান চালানোর জন্য সীমান্তে যেতে প্রায় একমাস সময় লেগে যায়। এতে করে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিতে যথেষ্ট সময় পেয়ে যায়। যুক্তরাষ্ট্রকে দিয়ে তৎকালীন বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সেনা ফেরাতে চাপ দেওয়ার সুযোগ পায়। ওই সময়কার ভারতীয় সেনাপ্রধান জেনারেল দীপক কাপুর কোল্ড স্টার্ট কৌশলের কথা বলেছিলেন। দুই বছর আগে দায়িত্ব নেওয়া বর্তমান ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতও এই কৌশলের কথা স্বীকার করেছেন প্রকাশ্যে।

ইকোনমিক টাইমস’র প্রতিবেদন অনুসারে, এই কৌশলের মূল বিষয় হচ্ছে পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ এড়িয়ে চলা। এই কৌশলে ভারতীয় সেনারা দ্রুত ও সহসাই পাকিস্তানে প্রবেশ করতে পারবে। এই হামলার লক্ষ্যবস্তু থাকবে সীমিত। ফলে পাকিস্তান বড় আকারের পাল্টা পদক্ষেপ নেওয়ার মতো যৌক্তিক কারণ খুঁজে পাবে না। এছাড়া এই কৌশলের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আচমকা হামলা। চিরাচরিত উপায়ে সেনা মোতায়েনে অনেক সময় লেগে যায়। ফলে শত্রু দেশ তাৎক্ষণিক রক্ষণাত্মক অবস্থান নেওয়ার সুযোগ পাবে কিন্তু ভারতীয় হামলা ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সময় পাবে না।

কোল্ড স্টার্ট কৌশলের সূত্রপাত মূলত পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ বলে। পাকিস্তানের সঙ্গে ভারতের পারমাণবিক যুদ্ধ হবে উভয়ের জন্যই ধ্বংসাত্মক। ভারতের সঙ্গে সশস্ত্র সংঘাত এড়াতে পাকিস্তান পারমাণবিক শক্তিকে কাজে লাগাচ্ছে। বারবারই ইসলামাবাদ ইঙ্গিত দিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পিছু হটবে না। কোল্ড স্টার্ট নীতির কারণে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধ এড়ানোর পথ পেয়েছে ভারত। এর ফলে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়েও সীমিত আকারে পদক্ষেপ নিতে পারছে নয়া দিল্লি।

গত বছর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্র তারা তৈরি করেছেন। ভারতীয় সেনাবাহিনীর কোল্ড স্টার্ট কৌশল মোকাবিলার জন্যই এই অস্ত্র তৈরি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি প্রধানমন্ত্রীর এই বক্তব্যে প্রতীয়মান হয় যে, ভারতের কৌশল মোকাবিলায় উপায় বের করতে পারেনি ইসলামাবাদ।

কোল্ড স্টার্ট কৌশলের সমালোচকরা বলছেন, এই কৌশলে ভারতের সাফল্য নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। বিশেষ করে পাকিস্তানি সেনাদের চমকে দেওয়াতে। তবে এই কৌশলের ফলে পাকিস্তান স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধ্য হয়েছে। যার ফলে সর্বাত্মক পারমাণবিক যুদ্ধ এড়ানোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।