সাবমেরিন রুখে দেওয়ার পাকিস্তানি দাবি উড়িয়ে দিলো ভারত

নিজেদের জলসীমায় ভারতীয় সাবমেরিনের প্রবেশ রুখে দেওয়ার পাকিস্তানি দাবি উড়িয়ে দিয়েছে ভারতের নৌ বাহিনী। মঙ্গলবার পাকিস্তানের পক্ষ থেকে সাবমেরিন আটকে দেওয়ার ভিডিও প্রকাশের পর ভারতীয় নৌবাহিনী এই প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্য দিয়ে বালাকোটে বিমান হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে দুই দেশের নৌ বাহিনীর মধ্যেও উত্তেজনা শুরু হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে একথা জানা গেছে।

indian-navy-akula-submarine_650x400_71476847213

পুলওয়ামায় হামলার জের ধরে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলা চালায়। নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত এবং অভিনন্দন বর্তমান নামের এক পাইলটকে আটক করে পাকিস্তান। এর ফলে ’৭১ পরবর্তী সময়ে প্রথমবারের মতো পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তরের পর যখন উত্তেজনা প্রশমিত হওয়ার দিকে পরিস্থিতি এগুচ্ছিল তখনই পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে ভারত। তার একদিন পরই ভারতীয় সাবমেরিন আটকে দেওয়ার দাবি করে পাকিস্তান।

ভারতের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় নৌ বাহিনী জাতীয় নিরাপত্তার স্বার্থে যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তা করবে। গত কয়েকদিন ধরেই পাকিস্তানের পক্ষ থেকে এমন ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার সাক্ষী আমরা।

এর আগে পাকিস্তানের নৌ বাহিনী দাবি করে ভারতীয় একটি সাবমেরিনকে তাদের জলসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি।  পাকিস্তানি নৌ বাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই জানায়, পাকিস্তানের জলসীমায় প্রবেশ করার আগেই নৌ সেনারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ভারতীয় সাবমেরিনকে রুখে করে দেয়। পাকিস্তান শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করতে চায় না। তাই ভারতীয় সাবমেরিনকে আক্রমণ করা হয়নি।

এই দাবির স্বপক্ষে পাকিস্তানের নৌ বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটির বিষয়ে ভারতীয় নৌ বাহিনী জানায়, পাকিস্তান এর মাধ্যমে ‘প্রোপাগান্ডা’ ছড়াতে চাইছে।