ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের মতো নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বিমসটেক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমসটেক নেতাদের পাশাপাশি কিরগিজস্তানের প্রেসিডেন্ট ও মরিশাসের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, শপথ অনুষ্ঠানে ভারত সরকার বিমসটেক সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা সরকারে প্রতিবেশী প্রথম নীতিতে গুরুত্বের ধারা। সাংহাই কো-অপারেশনস অর্গানাইজেশন–এর সভাপতি কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবিকভ এবং প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। এর আগে ২০১৪ সালের শপথ অনুষ্ঠানে সার্ক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।