উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপির বিরুদ্ধে গরু চুরির মামলা

ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আসিফ ও জাকির আলি নামের দুই ব্যক্তি এই মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর পাঁচ সঙ্গী নিয়ে এমপি আজম খান তাদের বাড়িতে ভাঙচুর, তাদের গরু চুরি ও নগদ ২৫ হাজার রুপি নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

azam-khan

এফআইআর-এ আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেন ও অপর চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আজম তাদের তাদের বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। তাদের বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত। ওই জমিতে একটি স্কুল নির্মাণের জন্য এমপি তাদের বাড়িটি ছেড়ে দিতে বলেছিলেন।

এফআইএর-এ বলা হয়েছে, অভিযুক্তরা তাদের বাড়িতে আগুন দিয়েছে এবং বাড়িভাড়ার রশিদ তাতে পুড়ে গেছে। ফলে তারা যে ভাড়াটিয়া তা প্রমাণ করার সুযোগ তাদের নেই।

আজম খানের বিরুদ্ধে ভূমিদখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০ টি মামলা রয়েছে। রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন করেছেন। এসব মামলার ২৯টিই আলিয়াগঞ্জের কৃষকরা দায়ের করেছেন।