১০ রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ৪টিতে একীভূত করছে ভারত

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশটির দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে চারটিতে একীভূত করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দেশটির ব্যাংক ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে এই ঘোষণা দেন তিনি। ভারতীয় অর্থমন্ত্রী জানান, এর ফলে ভারতের ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

nirmala

বৃহস্পতিবার ভারতের রিজার্ভ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, গত অর্থবছরে ব্যাংক জালিয়াতির পরিমাণ এক লাফে ৭৪ শতাংশ বেড়েছে। আর এসব জালিয়াতি হয়েছে মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতেই। অধিকাংশ ক্ষেত্রেই ঋণ নিয়ে ফেরত দেওয়া হয়নি। একদিন পরেই ভারতীয় অর্থমন্ত্রী ১০ ব্যাংকে একীভূত করার ঘোষণা দিলেন।

শুক্রবারের ঘোষণার আগে ভারতে মোট ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল। ইতোমধ্যে স্টেট ব্যাংক ও বরোদা ব্যাংক একীভূত হয়েছে। নতুন সিদ্ধান্তের পর ভারতে এখন ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকবে। ২০১৮ সালে ভারত সরকার বিজয় ব্যাংক ও দেনা ব্যাংকে একীভূত করে ব্যাংক বারোদার সঙ্গে। আর ২০১৭ সালে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে একীভূত করা হয় ৫টি সহযোগী ব্যাংক ও ভারতীয় মহিলা ব্যাংককে।

ভারতীয় অর্থমন্ত্রীর দেওয়া ঘোষণা অনুসারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স ও ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া একীভূত হয়ে একটি ব্যাংক হবে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের পর এটাই হবে দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। এদের ব্যবসার পরিমাণ হবে ১৭ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ভারতজুড়ে তাদের মোট ১১ হাজার ৪৩৭টি শাখা রয়েছে।

একীভূত হবে কানাড়া ব্যাংক ও সিন্ডিকেট ব্যাংক। এই দুই ব্যাঙ্কের সমষ্টিগত ব্যবসার পরিমাণ ১৫ লাখ ২০ হাজার কোটি টাকা। ফলে এই দুই ব্যাংক একীভূত হয়ে নতুন যে ব্যাংক হতে তা হবে ভারতের চতুর্থ বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আর ইউনিয়ন ব্যাংক, অন্ধ্ৰ ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক একীভূত হয়েছে পঞ্চম বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাংক তৈরি করবে।

এছাড়া একীভূত হবে এলাহাবাদ ব্যাংক ও ইন্ডিয়ান ব্যাংক। এই দুই ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ ৮ লাখ ৮ হাজার কোটি টাকা। এটি হবে ভারতের সপ্তম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক।