পাঞ্জাবের আট্টারি থেকে আরও একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করেছেন ভারতীয় গোয়েন্দারা। শুক্রবার সিনিয়র পুলিশ কর্মকর্তা বলবির সিংহ জানান, ‘খারাপ আবহাওয়ার কারণে ড্রোনটি পাকিস্তানে ফেরত যেতে পারেনি। আট্টারি সীমান্তের কাছে একটি গ্রামে লুকিয়ে থাকা এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এসব ড্রোন থেকে অস্ত্র ফেলা হচ্ছে জঙ্গিদের জন্য।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
গত সপ্তাহে পাঞ্জাব পুলিশ প্রথম জানায়, একটি পাকিস্তানি ড্রোন একে-৪৭ ও গ্রেনেড ফেলেছে অমৃতসরে। জম্মু ও কাশ্মিরে জঙ্গি হামলায় সহায়তা দিতে ওই অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। গত ১০ দিনে আটবার ড্রোনগুলিকে ভারতীয় সীমান্তে দেখা গেছে। অস্ত্র ফেলতেই তাদের পাঠানো হয়েছিল। এছাড়া স্যাটেলাইট ফোনও ফেলেছিল ড্রোনগুলি। নামপ্রকাশে ভারতীয় গোয়েন্দা সূত্র জানায়, এই ড্রোনগুলি ৫ কেজি পর্যন্ত বস্তু বহন করতে পারে। দ্রুত চলতে পারে এগুলি। এদের ধরাও মুশকিল।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার উদ্ধার করা ড্রোনটি একটি ধানক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল। জঙ্গি সন্দেহে আটক করা আকাশদীপ নামের ব্যক্তি পুলিশকে ড্রোনটির সন্ধান দেয়। এই ব্যক্তিই ড্রোনটি লুকিয়ে রেখেছিল বলে পুলিশের ধারণা।
ভারতীয় গোয়েন্দা সূত্র মতে, স্যাটেলাইট ফোন সাধারণ নাগরিকদের ব্যবহারের জন্য নিষিদ্ধ। ফলে এই ফোনগুলো জঙ্গিদের জন্যই। যাতে তারা জম্মু ও কাশ্মিরে হামলা চালাতে পারে।
এর আগে সোমবার পাঞ্জাবে গ্রেফতার করা হয়েছে ‘খালিস্তান জিন্দাবাদ’ দলের চার সদস্যকে। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
পাঞ্জাবের নম্বর লাগানো মারুতি সুজুকি কার নিয়ে পালাচ্ছিল ওই জঙ্গিরা। তাদের আটকের পাশাপাশি একটা অর্ধদগ্ধ ড্রোনও ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই ড্রোনটি পাকিস্তানে ফেরত যেতে পারছিল না বলে জঙ্গিরাই আগুন লাগিয়ে দেয়।