মমতা সিএএ ঠেকাতে পারবেন না: কলকাতায় অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। মঙ্গলবার কলকাতায় এক সমাবেশে তিনি বলেছেন, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে ঠেকাতে পারবেন না মমতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

7777

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) কঠোর সমালোচক মমতা একাধিকবার দাবি করেছেন, রাজ্যে এই আইনটি বাস্তবায়ন করতে দেবেন না তিনি।

কলকাতার সমাবেশে অমিত শাহ বলেছেন, সিএএ নিয়ে অপপ্রচার চালিয়ে বিরোধী দলগুলো শরণার্থীদের আতঙ্কিত করছে। মমতা তার রাজ্যে আইনটির বিরোধিতাকারীদের ত্রাসের রাজত্ব কায়েমের সুযোগ দিয়েছেন।

অমিত শাহ বলেন, বাংলার লাখো শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি সিএএ আইন নিয়ে এসেছেন। মমতা দিদি এটির বিরোধিতা করছেন। ট্রেন ও রেলস্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শরণার্থীদের নাগরিকত্ব দিতে কেন্দ্রকে ঠেকাতে পারবেন না মমতা।

বিজেপি নেতা আরও বলেন, যখন ক্ষমতায় ছিলেন না তখন মমতা দিদি নিজেই শরণার্থীদের নাগরিকত্বের ইস্যু তুলেছিলেন। প্রধানমন্ত্রী মোদি যখন সিএএ নিয়ে এলেন তখন এর বিরোধিতায় তিনি কংগ্রেস ও কমিউনিস্টদের সঙ্গে এক হয়ে গেছেন।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, সব শরণার্থীর নাগরিকত্ব নিশ্চিত করার আগ পর্যন্ত সরকার থামবে না। একই সঙ্গে ২০২১ সালের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপিই সরকার গঠন করবে বলে তার আত্মবিশ্বাসের কথা জানান।

সমাবেশে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি উদ্বোধন করেন অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদি সব গ্রামে যান এবং জনগণকে বলেন ‘দিদিকে বলো’। তখন কী উত্তর দেবেন তা ভেবে পান না তারা। আজ আমি এখানে বলছি, আপনারা চুপ করে বসে থাকবেন না। যখনই দিদি জিজ্ঞেস করবেন ‘দিদিকে বলো’, আপনারা বলবেন ‘আর নয় অন্যায়’। যার অর্থ হলো আমরা আর এই অবিচার সহ্য করবো না।