অপরাধেরই জয় হলো: ‘নির্ভয়া’র মা

Nirbhoya২০১২ সালে দিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী ‘নির্ভয়া’-কে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত কিশোরের মুক্তির আদেশ বহাল থাকায় ক্ষোভ জানালেন ওই শিক্ষার্থীর মা আশা সিং। রবিবার মুক্তি পেতে যাওয়া কিশোর অপরাধীর মুক্তির বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদনটি হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর, ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘তিন বছর ধরে লড়াই করছি সুবিচারের জন্য। কিন্তু অপরাধেরই জয় হলো।’
'নির্ভয়া' ধর্ষণ ও হত্যার ঘটনায় সাজা পাওয়া ৫ জনের মধ্যে ওই কিশোর অপরাধী সবচেয়ে ছোট। বাকি চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও সংশোধন কেন্দ্রে রাখা হয় ওই কিশোরকে। ঘটনায় জড়িত আরেক আসামি বিচার চলাকালে কারাগারেই মারা যান।
রবিবারই তিন বছরের শাস্তির মেয়াদ সম্পূর্ণ হচ্ছে ওই কিশোর অপরাধীর। তার মুক্তি আটকাতে আইনি লড়াই চালিয়ে গিয়েছে নির্ভয়ার পরিবার। আর তাঁদের পাশে ছিল গোটা দেশ। তবে বহাল থেকেছে আদালতের আগের রায়। রবিবার মুক্তি পাচ্ছে সে।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ওই মেডিকেল শিক্ষার্থী। ওই ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ-আন্দোলন-প্রতিবাদের ঝড় ওঠে। দেশবাসীর কাছে ওই শিক্ষার্থীর নাম হয়ে উঠেছিল ‘নির্ভয়া।মেয়ের মৃত্যুর তিন বছর পর সমস্ত কুন্ঠা ত্যাগ করে নির্ভয়ার আসল নাম জ্যোতি সিং বলে জানান তার মা আশা। ছলছল চোখে জানতে চান, ‘এ কেমন কী বিচার!’ সে দিন চিৎকার করে তিনি বলেছিলেন, ‘আমি জানি না ওর (কিশোর অপরাধীর) বয়স ১৬ না ১৮। শুধু জানি, ও একটা নৃশংস অপরাধ করেছে। আর এমন অপরাধীর কোনও বয়স-সীমা হতে পারে না।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি, আনন্দবাজার
/এফইউ/বিএ/