ভারতীয় করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

হায়দরাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি ভারত বায়োটেক আগেই ছাড়পত্র পেয়ে গিয়েছিল। এবার সেই ভ্যাকসিনের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল (মানবদেহে পরীক্ষা) শুরু করেছে প্রতিষ্ঠানটি। হরিয়ানার রোহতকে শুরু হয়েছে করোনার সম্ভাব্য ভ্যাকসিন ‘কোভ্যাকসিন’-এর ট্রায়াল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

covaxin1

রোহতকের পোস্ট পিজিআই অব মোডিক্যাল সায়েন্সে শুরু হয়েছে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ টুইটারে জানান, ‘ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুক্রবার থেকে পিজিআই-তে শুরু হয়েছে। তিনজন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর আপাতত ওই তিন জনই ভালো আছেন।’

মন্ত্রী জানিয়েছেন, ‘আগামীতে আরও স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ হবে।’

ভারতে তৈরির ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের জন্য যে ১২ হাসপাতালকে বেছে নেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হরিয়ানার রোহতকের পোস্ট পিজিআই অব মোডিক্যাল সায়েন্স। পরীক্ষামূলক প্রয়োগের জন্য ইতোমধ্যেই ২২ স্বেচ্ছাসেবকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন পিজিআই-এর কর্মকর্তা। প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ৮ থেকে ১০টি বিষয়ের উপর চলবে।

ড্রাগ কনট্রোলার জেনারেল অব ইন্ডিয়া আগেই ভারত বায়োটেককে পরীক্ষামূলকভাবে কোভ্যাকসিন মানবশরীরে প্রয়োগের অনুমতি দিয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছিল, জুলাই মাস থেকে ভারতজুড়ে কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলবে।