ভারতের উত্তরপূর্বাঞ্চলে প্রবল ভূমিকম্পে ছয়জনের প্রাণহানি হয়েছে। সোমবার ভোরের এই ভূমিকম্পে আহত হন আরও শতাধিক মানুষ।
স্থানীয় সংবাদ সংস্থা টাইমস নাউ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ মণিপুরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। মণিপুরের ইম্ফলে ভূমিকম্পের আঘাতে বেশ কিছু বাড়িঘরে ফাটল ধরে ও অনেক দেয়াল ভেঙ্গে পড়ে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মণিপুরের তামেংলং জেলায়, যা ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। রাজনাথ সিং বর্তমানে আসামে আছেন। তাকে ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশও দিয়েছেন মোদি।
এ ছাড়াও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী নবম টুকির সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও পদক্ষেপ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায় প্রধানমন্ত্রী মোদির কার্যালয়ের টুইটার বার্তা।সূত্রঃ দ্য টাইমস অব ইন্ডিয়া।
/ইউআর/