অনুমতি পেলে ধর্ষকদের গুলি করবে পুলিশ!

আইন যদি অনুমোদন করে, পুলিশ ধর্ষকদের গুলি করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না বলে জানিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসসি। সোমবার দিল্লি পুলিশের বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দিল্লি শহরে ধর্ষণের সংখ্যা বেড়ে যাওয়ার প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ‘যদি আইন অনুমতি দেয়, তাহলে ধর্ষকদের গুলি করতে দ্বিধা করবে না দিল্লি পুলিশ।

বিএস বাসসি বলেন, ‘নারীদের নিরাপত্তা নিয়ে আমার সব সময় উদ্বিগ্ন। যদি আইন আমাদের অনুমতি দেয় তাহলে আমরা আনন্দের সঙ্গেই নারী ধর্ষকদের গুলি অথবা ফাঁসিতে ঝোলাব।’

বাসসি আরও বলেন, ‘৯০ শতাংশ মামলারই রায় হয় না পুলিশ সত্য লুকানোর কারণে। আমাকে নিশ্চিত করতে হবে এক্ষেত্রে যেন কোনও পুলিশ কর্মকর্তা সত্য ধামাচাপা না দেয়।’

শহরে নারীদের নিরাপত্তায় পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে জানিয়ে বাসসি বলেন, ‘শহরে নারীদের নিরাপত্তা ও অভিযোগ গ্রহণে ১৩ হাজার ৫৪৮ জন নারী পুলিশ মোতায়েন করা হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে।’

সংবাদ সম্মেলনে দিল্লি সরকারের কাছ থেকে কোনও সহযোগিতা আশা করেন না বলেও জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘এটা সৌভাগ্য যে দিল্লি পুলিশ রাজ্য সরকারের অধীনে নয়।’

অপরাধীর পেছনে ছোটার চেয়ে অপরাধের শেকড় উচ্ছেদ করাই ভালো জানিয়ে বাসসি বলেন, ২০১৫ সালে জানুয়ারি থেকে দিল্লিতে নারী ট্যাক্সি সেবা চালু হয়েছে শহরের নারী যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই।

দিল্লির নাগরিকরা এখন অনলাইনে অভিযোগ দাখিল ও এ সম্পর্কিত তথ্য পাবেন বলেও জানান তিনি। সূত্র: জি-নিউজ।

/এএ/বিএ/