পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একঝাঁক টলি তারকাকে টিকিট দিয়েছিল তৃণমূল। এবার একই পথে হাঁটলো বিজেপিও। যশ দাশগুপ্ত, অঞ্জনা বসু, তনুশ্রী চক্রবর্তীদের মতো তারকাদের দলে নিয়েছিল গেরুয়া শিবির। প্রশ্ন ছিল, পর্দার তারকাদের কি প্রার্থী করবে বিজেপি! রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করেছিল, এক্ষেত্রেও তৃণমূলের পথই ধরবে বিজেপি। অর্থাৎ, তারকাদের স্রেফ প্রচারের মুখ করতে চায় না দলটি। তাদের প্রার্থী করাটা সময়ের অপেক্ষা ছিল। বাস্তবে হলোও তাই।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক তারকাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে চমক দিয়েছিলেন। সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্রদের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। আর এবার মাছের তেলে মাছ ভাজলো বিজেপিও। তারকাদের বিরুদ্ধে তারকাদের লড়াই হবে একাধিক কেন্দ্রে।
চণ্ডীপুরে তারকা প্রার্থী যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। এবার চণ্ডীপুরে তারকা সোহমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরেক তারকাকে বেছে নিলো বিজেপি। চণ্ডীপুরে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। কিছু দিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।
অন্যদিকে, বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী পায়েল সরকার। সেখানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তারকা লাভলি মৈত্র। তিনিও কিছু দিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেখানেও বিজেপি তারকা বনাম তারকা লড়াইয়ে বিশ্বাস রাখলো। লাভলি মৈত্রের বিরুদ্ধে লড়বেন বিজেপির প্রার্থী তথা অভিনেত্রী অঞ্জনা দে।
হাওড়ার শ্যামপুর থেকে বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে তার বিরুদ্ধে কোনও তারকা নেই। তনুশ্রীর বিপরীতে রয়েছেন তৃণমূলের কালীপদ মণ্ডল।