পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পর বিপাকে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার ঘোষিত ওই তালিকায় কলকাতার চৌরঙ্গী আসন থেকে প্রার্থী করা হয়েছে শিখা মিত্রকে। প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রের স্ত্রী শিখার অভিযোগ, সম্মতি না নিয়েই তার নাম ঘোষণা করেছে বিজেপি। শিখা জানিয়েছেন, তিনি বিজেপি করবেন না এবং ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই নির্বাচনে কোনও জায়গা থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনের মধ্য দিয়ে দুইবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে চায় বিজেপি। সেই লক্ষ্যে গত বৃহস্পতিবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। ওই তালিকায় রাখা হয় শিখা মিত্রকে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শিখা মিত্র। ওই বৈঠকের পর তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে বিজেপি’র প্রার্থী তালিকায় তার নামও রাখা হয়। তবে তিনি জানিয়ে দিয়েছেন, ‘না, আমি কোনও জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি না। সম্মতি ছাড়াই আমার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া আমি বিজেপিতেও যোগ দিচ্ছি না।’
শিখা মিত্রের ঘোষণার পর বিপাকে পড়া বিজেপিকে এক হাত নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতারা। তৃণমূলের এমপি মহুয়া মিত্র এক টুইট বার্তায় লিখেছেন, ‘...দুই সপ্তাহ পর অবশেষে বিজেপি পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আর যারা তালিকায় আছে তারাই বলছে বিজেপিতে যোগ দেবে না আর নির্বাচনে লড়বে না। (অমিত) শাহ হোমওয়ার্ক-এ কিছু সময় দেন।’ তৃণমূলের সিনিয়র নেতা ডেরেক ও’ব্রায়েনও বিজেপিকে উপহাস করেছেন। তিনি বলেন, ‘বিজেপি প্রত্যেকবার ২০২১ সালের পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই আপনারা ওমলেট বানাতে পারবেন... তাদের মুখে বহু ডিম আছে।’
গত বৃহস্পতিবার বিজেপি ১৫৭ প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেছে। এরমধ্যে রয়েছেন তৃণমূলের নয় জন বিদায়ী এমএলএ। একাধিক ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২ মে।