ভারতে করোনা ওষুধের ভায়ালে তরল প্যারাসিটামল!

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই ভাঙ্গছে আগের দিনের রেকর্ড। রবিবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও দুই লাখ ৬১ হাজার ৫০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে এক হাজার ৫০১ জনের। এমন পরিস্থিতিতে করোনা থেকে সুরক্ষা পেতে মরিয়া মানুষ। আর তারই সুযোগ নিয়ে করোনা চিকিৎসায় ব্যবহৃত রেমডিসিভির-এর ফাঁকা ভায়ালে তরল প্যারাসিটামল ভরে তা বিক্রি শুরু করেছিল একটি চক্র।

প্যারাসিটামল ভর্তি এসব নকল রেমডিসিভির-এর একেকটির জন্য নেওয়া হচ্ছিল ৩৫ হাজার রুপি। এক পর্যায়ে মহারাষ্ট্র পুলিশের হাতে ধরা পড়ে চক্রটি।

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতিতে এমনিতেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। টিকাদান কর্মসূচি শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। ফলে বেসরকারি ক্ষেত্রে টিকার চাহিদা ও দাম বাড়ছিল হু হু করে। সেই সুযোগটাই নিয়েছিল মহরাষ্ট্রের বারামতি জেলার ওই চক্রটি। এক পর্যায়ে ক্রেতা সেজে অপরাধীদের ধরতে সমর্থ হয় পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে চক্রটির আস্তানায় অভিযান চালায় পুলিশের একটি দল। গ্রেফতার করা হয় প্রশান্ত গড়ক, শঙ্কর পিসে, দিলীপ গায়কোয়াড ও সন্দীপ গায়কোয়াড নামের চার জনকে। ওই চক্রের নেপথ্যে আর কারা রয়েছে সেটি জানতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্র: জি নিউজ।