বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা জানিয়েছেন, তিনি লন্ডনে থেকে যাবেন না। কয়েক দিনের মধ্যেই ভারতে ফিরবেন। শনিবার রাতে টুইটারে এক বার্তায় একথা জানান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমকির মুখে ব্রিটেন গমন নিয়ে খবর প্রকাশের পর তিনি দেশে ফেরার বিষয়ে তথ্য দিলেন।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে এক সাক্ষাৎকারে সেরামের সিইও বলেছিলেন, করোনার টিকা পেতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তারা তাকে চাপ এবং কার্যত ‘হুমকি’ দেওয়ায় নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই ব্রিটেন পাড়ি জমান। পুনাওয়ালা আরও জানান, কোভিশিল্ড টিকার জন্য তাকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তা এবং অন্যরা ফোন করতেন এবং তারা তাড়াতাড়ি টিকা দেওয়ার দাবি জানাতেন। তিনি বলেন, ‘হুমকি বললে কম বলা হয়। মানুষের আশা এবং আগ্রাসন অভূতপূর্ব। এটা আশ্চর্যজনক। প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত।’
ব্রিটিশ দৈনিকটি জানায়, এই পরিস্থিতিতে ব্রিটেনে কিছু দিন কাটাবেন বলেও জানান পুনাওয়ালা। তিনি বলেন, ‘আমি এই পরিস্থিতিতে আর ফিরতে চাই না।’
শনিবার মধ্যরাতে টুইটারে আদর পুনাওয়ালা লিখেছেন, ‘ব্রিটেনে আমাদের সহযোগী ও অংশীদারদের সঙ্গে খুব সফল বৈঠক হয়েছে। জানিয়ে রাখি, পুনেতে কোভিশিল্ড উৎপাদন চলছে পূর্ণোদ্যমে। যাতে তার গতি আরও বাড়ে, কয়েক দিনের মধ্যে দেশে ফিরেই তার ওপর নজর রাখব’।
ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ ফার্মা সংস্থা অ্যান্ট্রাজেনেকার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।